

বিশ্ব নেতাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভারতের নয়াদিল্লিতে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে শনিবার সকালে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এবার ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’, এই মূল প্রতিপাদ্য নিয়ে শীর্ষ সম্মেলন হচ্ছে।
একে একে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা সম্মেলনস্থলে উপস্থিত হন। সবাইকে সাদর সম্ভাষণ জানান-নরেন্দ্র মোদি।
২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির হন মোদি। ২০১৮-তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও মোদি নিজেই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের জন্য অবশ্য প্রোটোকল মেনেই স্বাগত জানানো হচ্ছে।
জি২০-এর ১৯টি দেশ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। জি-২০ সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ, বিশ্ববাণিজ্যের ৭৫ শতাংশের বেশি।
ভারতের জি২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। দেশটির মেয়াদকালীন বাংলাদেশসহ সদস্য নয় এমন ৯টি দেশকে জি২০ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় ভারত। দেশগুলো হলো– বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন। এরপরই গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ /এমএসএম