মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১২টায় শ্রীমঙ্গল শহরতলীর রেলওয়ে আউটার সিগন্যাল এলাকার সাঁওতালপাড়া এলাকা থেকে শান্ত দেবনাথ(১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। শান্ত মৌলভীবাজার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা যায়।
উদ্ধার করা মরদেহের কোমর থেকে শরীর ও দুটি হাত বিছিন্ন ছিল এবং একটি হাত খোঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হয়তো শেয়ালের দল হাতটি নিয়ে গেছে। মরদেহের সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। শান্ত দেবনাথ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথ এর ছেলে।
এ ব্যাপারে শান্ত দেব নাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথ কে সারা দিন খোঁজে না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে যান। এমন সময় শ্রীমঙ্গল থেকে ফোন পেয়ে এসে শান্তকে সনাক্ত করেন। শ্রীমঙ্গলে কেন শান্ত এসেছে এবং ওই সাঁওতাল পাড়া এলাকায় কেন যাবে তা সঠিকভাবে তিনি বলতে পারেন নি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মীর সাব্বির আলী জানান, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি ট্রেনের কাটা না অন্য কিছু তা পুলিশি তদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।