

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে সারাদেশে পদযাত্রা করেছে বিএনপি। বিএনপির পাশাপাশি এ কর্মসূচি পালন করেছে আরো ৩৫টি রাজনৈতিক দল। বিভিন্ন জায়গায় হামলা, ভাংচুর, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। লক্ষ্মীপুরে ১ জন নিহত হয়েছে।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। মিছিলটি বাংলা কলেজে সামনে পৌঁছালে সংঘর্ষ শুরু হয়। মিছিল লক্ষ্য করে কলেজের ভেতর থেকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিএনপি নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় গাড়ি ভাংচুর ও মোটরসাইকেল পড়ানো হয়।
রাজধানীতে বিএনপির পদযাত্রাটি গাবতলি থেকে শুরু করে টেকনিক্যাল মোড়, মিরপুর (১), মিরপুর (১০) গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় স্মরণী, কাওরানবাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শুরুর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেন, আসুন এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন যাত্রা শুরু করি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এক দফা দাবি আদায় করব। এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করব।
‘এই রৌদ্র, বৃষ্টি, ঝড় সব কিছুকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে বিজয়ী হতে হবে আমাদেরকে। আমি সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবীসহ সকলকে আহ্বান জানাচ্ছি এই দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে আমাদের আজকে একজোট হতে হবে।’
ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, পদত্যাগ করেন। নইলে ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে রাজপথে।
পদযাত্রা কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংর্ঘষ হয়েছে। লক্ষ্মীপুরে সজীব নামে কৃষকদলের কর্মী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায়।স্থানীয় বিএনপির দাবি।
বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংর্ঘষ হয়। এতে পুলিশের গুলিতে বিএনপির ৭ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশের টিয়ারশেলে আহত ইয়াকুবিয়া স্কুলের ২৭ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বনানী থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা শহরের দিকে আসছিল। মিছিলটি ইয়াকুবিয়ার মোড়ে পৌঁছালে পেছনে থাকা নেতাকর্মীরা সাতমাথার দিকে যেতে চান। কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ও লাঠি নিক্ষেপ করে। পরে পুলিশও টিয়ারশেল ছোড়ে।
খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। খাগড়াছড়ির শাপলা চত্বর এলাকা সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া সংঘর্ষ জেলা শহরে ছড়িয়ে পড়ে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত ১০টি ভাঙচুর করা হয়, ব্যাপক ভাঙচুর চালান হয় পৌরসভা ভবনে। তাণ্ডবের প্রথমদিকে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ উঠলেও পরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের রথখোলা ঈশা খাঁ সড়কে সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছোড়েন। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করে। এতে বিএনপির নেতা-কর্মী, পুলিশ, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
পিরোজপুরে বিএনপির পদযাত্রার শেষ মুহূর্তে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৭ সদস্য ও সময় টিভির ক্যামেরাপারসন হাসান আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেন। ঘটনাস্থল থেকে ৫-৬ বিএনপি নেতাকর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন জায়গা সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির পাশাপাশি একই দাবিতে পদযাত্রা করেছে- গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, গণঅধিকার পরিষদ (নুরু), এলডিপি, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), লেবার পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বুধবারও একই সময়ে ঢাকায় পদযাত্র করবে বিএনপি। আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ীতে শেষ হবে। আব্দুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি যাত্রা শুরু করবে। রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে। যাত্রাপথ- আব্দুল্লাহপুর, বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ী।
নিউজ /এমএসএম