

মুখোমুখি আগের পাঁচ ওয়ানডেতে পাঁচটিতেই হার। বাংলাদেশের মেয়েরা কখনোই পারেনি ভারতকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে হারাতে। তবুও কেন মাঠে নামার আগে বাংলাদেশকে সমীহ করছে ভারত? কেন তারা সতর্ক?
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের তিন ওয়ানডের প্রথম ম্যাচ খেলতে দুই দল রোববার মিরপুরে মুখোমুখি হবে। মাঠে নামার আগে পরিসংখ্যান জানিয়ে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে ম্যাচে ফেভারিট কে জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে ভারতের অধিনায়ক যা বলেছেন তাতে স্পষ্ট, মিরপুরে বাংলাদেশ আক্রমণ চালালে শক্তিশালী ভারতকেও হারাতে পারে। তাই তারা স্বাগতিকদের নিয়ে বেশ সতর্ক।
‘আমরা সবাই জানি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ভালো খেলে। শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে তারা কিন্তু আমাদের কঠিন প্রতিদ্বন্দ্বীতা দিয়েছে। সহজেই আমাদেরকে কিছু পেতে দেয়নি। আমাদেরকে প্রতিটি সাফল্য লড়াই করে পেতে হয়েছে। ওয়ানডেতে আমরাও ভালো দল এবং আমরা প্রবল আত্মবিশ্বাসীও। তবে তারা কোনো ছাড় দেবে না এটা আমরা জানি।
বাংলাদেশের স্পিনারদের এগিয়ে রেখে ভারতের অধিনায়ক বলেছেন,‘দেখুন তাদের স্পিন আক্রমণ অন্যান্য দলের চেয়ে ভালো। এর কারণও আছে। তারা ধীর গতির উইকেটে খেলছে। কিন্তু যদি আপনি ফ্ল্যাট এবং হাই স্কোরিং উইকেটে খেলেন তখন আপনার ভিন্ন কিছু চিন্তা করতে হবে। এখানে তাদের স্পিন আক্রমণ বেশ ভালো এবং তারা নিজেদের শক্তি সম্পর্কে অবগত। ওয়ানডে ভিন্ন ফরম্যাট। এখানে ধৈর্য রাখতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রেখে খেলতে হবে।
টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত একটা জিনিস বুঝে গেছে রান হবে না মিরপুরের উইকেট। হারমানপ্রীতের কথায় তা উঠে এলো, ‘একটা বিষয় পরিস্কার যে উইকেট এখানে ধীর গতির। এজন্য আমরা বেশি রান প্রত্যাশা করছি না। খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় রান সংগ্রহ করা দলের জন্য। বড় পুঁজির চিন্তা না করে স্কোরবোর্ড যতটা নিরাপদ রাখা যায় ততটা ভালো।’বাংলাদেশকে সমীহ করে হারমানপ্রীত যোগ করেন, ‘তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বীতা গড়তে পছন্দ করে এবং আমরা কখনোই তাদেরকে হালকাভাবে নেই না। আগামীকাল দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা আমাদের শক্তিতে জোর দিয়ে দলগতভাবে যেসব জায়গায় উন্নতির জায়গা আছে সেগুলোতে ভালো করতে চাই।
নিউজ /এমএসএম