

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারার পর এবার সাকিব আল হাসানের দলের লক্ষ্য আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া। সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৬ জুলাই। ম্যাচগুলো খেলতে বুধবার (১৩ জুলাই) দুপুরে সিলেটের মাটিতে পা রাখে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ম্যাচগুলোর টিকেটমূল্য সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারিত হয়েছে।
২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অনেকাংশেই এগিয়ে আছে আফগানিস্তান। এই পর্যন্ত মোট নয়বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ছয়টি ম্যাচে জয় পেয়েছে আফগানরা, আর বাকি তিনটিতে বাংলাদেশ। দুই দলের শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের দুটিতে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে আগের চেয়ে অনেকটাই উজ্জল বাংলাদেশ দল। বছরে প্রথম টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল সাকিববাহিনী। সেই সিরিজের সঙ্গে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিততে আত্মবিশ্বাস যোগাবে বলেই আশা করছেন টপ অর্ডার ব্যাটার লিটন দাস। রশিদ খানদের বিপক্ষে সাকিবদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
বাংলাদেশ-আফগানিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজটি দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। বুধবার থেকে অনলাইন ও সরাসরি দুই ম্যাচের টিকেট বিক্র শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেইট ও রিকাবি বাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেইটের কাউন্টারে পাওয়া যাচ্ছে টিকেট। এসব কাউন্টারে টিকিট বিক্রি শুরু হচ্ছে সকাল সাড়ে নয়টায়, চলছে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। তাছাড়া ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়ার টিকেটগুলো পাওয়া যাবে ২০০ টাকায়। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজের টিকেট পাওয়া যাবে ৫০০ টাকায়। তাছাড়া সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য। আসন্ন ম্যাচ দুটির টিকেট অনলাইনেও বিক্রি করছে বিসিবি। গতকাল দুপুর দুইটায় টিকেট বিক্রি শুরু করা হয়েছে। চলব আজ দুপুর দুইটা পর্যন্ত। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে বিসিবির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। একটি রেজিস্টার্ড একাউন্ট দিয়ে সর্বোচ্চ দুটি টিকিট কাটা যাবে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে। টিকেট ক্রয় নিশ্চিত হলে মোবাইল নাম্বারে একটি কোড আসবে, সেটা দিয়ে সংগ্রহ করতে হবে টিকেট। টিকৈট কেনার পর জাতীয় পরিচয়পত্র নিয়ে উল্লেখিত কাউন্টার থেকে সশরীরে টিকেট সংগ্রহ করতে হবে। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।
নিউজ/এম.এস.এম