সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

২৩ শর্তে

আজ সমাবেশের অনুমতি পেলো বিএনপি-আ’লীগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

২৩ শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে আজ বুধবার সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দল দুটির পক্ষ থেকে ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হলে মঙ্গলবার এ অনুমতি দেয়া হয়।

অর্থাৎ আবেদন অনুযায়ী-বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) সমাবেশ করতে পারবে বিএনপি।

একইদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে পারবে।

মঙ্গলবার (১১ জুলাই) ডিএমপির কমিশনারের পক্ষে তার বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা সই করা এক লিখিত স্মারকে এ তথ্য জানানো হয়।

সমাবেশের অনুমতিতে জুড়ে দেয়া ২৩ শর্তগুলো হলো-এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে। স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে।

অনুমোদিত স্থানেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে। স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলের চারদিকে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের হ্যান্ড হেন্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে (ভদ্রাচিতভাবে) চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। শব্দ দূষণ প্রতিরোধে সীমিত আকারে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করতে হবে, কোনক্রমেই অনুমোদিত স্থানের বাইরে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।

অনুমোদিত স্থানের বাইরে প্রজেক্টর স্থাপন করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না। আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতির উপর আঘাত আসতে পারে এমন কোন বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শণ বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না। সমাবেশের কার্যক্রম ব্যতিত মঞ্চকে অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। সমাবেশ শুরুর ২ ঘণ্টা পূর্বে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে। অনুমোদিত সময়ের মধ্যে সমাবেশের সার্বিক কার্যক্রম শেষ করতে হবে। কোন অবস্থাতেই মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না। রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপ ও বক্তব্য দেয়া যাবে না। উস্কানিমূলক কোন বক্তব্য দেয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না। কোন ধরণের লাঠি-সোটা /ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না। আইন-শৃংখলার অবনতি ও কোন বিরুপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করতে পারবে।

উল্লেখ্য, সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন এবং বুধবার নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের আবেদনপত্র জমা দেন। বিএনপির সমাবেশের দিনেই শান্তি সমাবেশ করার আবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102