

সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্য সম্ভাবনার ৬৭ শতাংশই কাজে লাগানো যাচ্ছে না। কারণ এ অঞ্চলে বাণিজ্য খরচ অনেক বেশি। অবকাঠামো ও অ-শুল্ক বাধা দূর করা গেলে বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা আছে।
বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাস করে। ট্যুরিজম, আইটি, খাদ্য প্রক্রিয়াকরণ ও ভারি শিল্পে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজনৈতিক ও অবকাঠামো প্রতিবন্ধকতার কারণে কাজে লাগানো যাচ্ছে না।
সার্ক চেম্বার অব কমার্স (এসসিসিআই) অতীতে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখলেও গত এক দশকে তা ঝিমিয়ে পড়েছে। এ অঞ্চলের বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে সার্কভুক্ত দেশগুলো চেম্বার নেতাদের নিজ নিজ দেশে কার্যকর ভূমিকা রাখতে হবে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বুধবার ‘আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন: দক্ষিণ এশিয়া অঞ্চলে সার্কের গুরুত্ব’ শীর্ষক সম্মেলনে সার্ক চেম্বারের নেতারা এ কথা বলেন। এফবিসিসিআই সহযোগিতায় এসসিসিআই সম্মেলনের আয়োজন করে।
মূল প্রবন্ধে ইউএনএসকপেরর দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার উপ-প্রধান ড. রঞ্জন সুধেশ রত্ন বলেন, সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্য সম্ভাবনার ৬৭ শতাংশ কাজে লাগানো যাচ্ছে না। কারণ এ অঞ্চলে বাণিজ্য খরচ অনেক বেশি।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় ভারত-বাংলাদেশ চেম্বারের সহ-সভাপতি সঞ্জয় বসু বলেন, বাণিজ্যে সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো সম্ভব নয়। ভারত-বাংলাদেশ উভয়েই বিশ্বে ওষুধ রপ্তানি করলেও এক দেশ অন্য দেশে ওষুধ রপ্তানি করে না। খাদ্যসামগ্রী, শাক-সবজি রপ্তানিতেও একই অবস্থা। অবকাঠামো ও নীতিগত সমস্যা সমাধানে নিজ নিজ দেশের ব্যবসায়ীদের কাজ করতে হবে।
সার্ক চেম্বারের সহ-সভাপতি (পাকিস্তান) আনজুম নিসার বলেন, বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলো বাস করলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে এ অঞ্চলে বাণিজ্য সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সার্ক চেম্বার এক্ষেত্রে ব্যর্থ। অথচ আসিয়ান জোট ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সফলতার সঙ্গে কাজ করছে।
সার্ক চেম্বারের সাবেক সভাপতি ম্যাকি হাশিম বলেন, ২০০৮ সাল পর্যন্ত সার্ক চেম্বার অত্যন্ত ভাইব্রেন্ট ছিল। এরপর রাজনৈতিক কারণে তা স্তিমিত হয়ে পড়ে। গত এক দশকে সার্ক পুরোপুরি ব্যর্থ তাদের দায়িত্ব পালনে।
ভারতের ব্যবসায়িক প্রতিনিধি দল পাকিস্তান বা শ্রীলঙ্কায় যায় না, আবার বাংলাদেশ পাকিস্তানে যায় না। সার্কের মধ্যে এখন সাব-ডিভিশন কাজ করে। সাফটা বাস্তবায়নের পরিবর্তে দেশগুলো দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে। তাহলে সার্ক কীভাবে কার্যকর করা যাবে। সার্ককে সফল করতে রাজনৈতিক ঐক্যমত জরুরি, এজন্য ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনের আরও বক্তব্য রাখেন- এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, আফগানিস্তান চেম্বারের সদস্য জানাকা সিদ্দিকী, মালদ্বীপের সাবেক মন্ত্রী মরিয়ম শাকিলা, সার্ক চেম্বারের সহ-সভাপতি (নেপাল) চান্দি রাজ ধাকাল প্রমুখ।
নিউজ /এমএসএম