

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক পাথর শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। রবিবার (২১-মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভুতিপুকুর সীমান্তে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম মোঃ পলাশ (৩৫) তিনি উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর বগুলাহাটি গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, ভুতিপুকুর হতে ৫০০ মিটার পূর্ব পার্শে শাও নদীর মাঝখানে পাথর উত্তোলনের সময় নদীর ওপারে ভারতের চা বাগান থেকে ভারতীয় বিএসএফ ভিকটিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে এতে পাথর শ্রমিক গুলি বিদ্ধ হয়ে আহত হয়।পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাত আনুমানিক আটটার দিকে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রাকিবুল হাসান জানান, ৩ঘঠিকায় সময়ে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়। তার পেটে গুলি করা হয়েছে। আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসা’র জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন বলেন, ঘটনার সময় আমি উপজেলায় ছিলাম। তারা বাংলাদেশ সীমান্তে পাথর উত্তোলন করছিল। এমতাবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী তাকে লক্ষ্য করে গুলি করে।