

স্টাফ রিপোর্টার: করোনায় সম্মুখ যুদ্ধ হিসেবে প্রথম থেকেই কাজ করেছেন পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। এতে আক্রান্ত ও মৃত্যু হয়েছেন পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যর। এবার করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মো.আহসান হাবীব। তিনি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার জন্ম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে।পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বলেন, আহসান হাবীব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বিকাল ৩টায় তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ করোনায় জীবন উৎসর্গকারী অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি আজ এক শোকবার্তায় বলেন, মো. আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো। আইজিপি রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বর্তমান করোনাকালে এখন পর্যন্ত পুলিশের ১০১ জনের মৃত্যু হয়েছে।