

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক গুলির ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার প্রদেশটির কুররাম জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে কুররাম জেলা পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইমরান বলেছেন, কুররামের শালোজান সড়কে প্রথম গুলি চালানোর ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে তেরি মেঙ্গল বিদ্যালয় এলাকায়। প্রথম ও দ্বিতীয় গুলির ঘটনাস্থলের দূরত্ব ছয় কিলোমিটার।
কুররাম জেলা সদর হাসপাতালের উপ-চিকিৎসা তত্ত্বাবধায়ক কায়সার আব্বাস বলেন, হাসপাতালে তিনি মোট আটজনের মরদেহ পেয়েছেন। এর মধ্যে সাতজন বিদ্যালয়ে হামলার শিকার। এ সাতজনই শিক্ষক ছিলেন বলে জানান তিনি।
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পাকিস্তান পুলিশ।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও এ ঘটনায় শোক জানিয়েছেন। তিনি এই হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে শিক্ষার শত্রু হিসেবে আখ্যা দিয়ে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউজ/এম.এস.এম