শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২৯ এপ্রিল)। পুনর্গঠিত ৪টি ইউনিটে (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে) অনুষ্ঠিত হবে পরীক্ষা।

ভর্তি অফিসের তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

  • প্রতি আসনে লড়বেন ৫০ শিক্ষার্থী

শনিবার (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি যুদ্ধ।

৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

চারুকলা ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটে ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে।

অন্যান্য ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষায় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষায় ৪৫ মিনিট সময় ঠিক করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

ভর্তি পরীক্ষা হবে যেসব বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এবং বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে পরীক্ষা উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে। ইউনিট প্রধানরা বিষয়টি সমন্বয় করবেন।

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। ইতোমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশাকরি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102