শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

গণআন্দোলন ধুলিস্যাতে ধারাবাহিক নির্যাতন চালাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

চলমান দুর্বার গণআন্দোলনকে ধুলিস্যাত করতে এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মনে ভীতি সঞ্চার করতেই সরকার ধারাবাহিকভাবে নির্যাতন ও জুলুম চালাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার ওপর চরম চপেটাঘাত। সরকারবিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন এবং সাংবাদিকসহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে সরকার প্রমাণ করছে যে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়।

তিনি বলেন, বিএনপিসহ সরকারবিরোধী ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে যে, সরকারের দুঃসহ কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না। কিন্তু বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমন নীতি প্রয়োগ করে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না।

ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী সরকার এই আইনকে যথেচ্ছ প্রয়োগের মাধ্যমে সাংবাদিক, ভিন্ন মতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, যাতে কেউ সরকারের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে না পারে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মাজহারুল ইসলাম সফিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102