মঙ্গলবার( ৪ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ’ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।
হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি জহির উদ্দীন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক আবদুর রকিব রাজু এবং রামাদ্বান খাদ্য বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদের পক্ষে লন্ডন থেকে এক ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকান্ড তুলে ধরে সকলকে কৃতজ্ঞতা জানান হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দেলোয়ার হোসেন মামুন।
বক্তারা বলেন, মানবতার চরম এই দুঃসময়ে হৃদয়ে শ্রীমঙ্গল সমগঠনটি অতীতের মতো এবছরও শ্রীমঙ্গল উপজেলার এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্যান্য সংগঠন এবং বিত্তশালীরাও এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী।
আর্তমানবতার সেবায় অনুষ্ঠিতব্য উক্ত কর্মসূচীতে হৃদয়ে শ্রীমঙ্গলের পক্ষ থেকে ১০০০ পরিবারের মধ্যে রামাদ্বান খাদ্য সামগ্রী দেয়া হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে একটি পরিবারের পবিত্র রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ও খেজুর।
সংগঠনের পক্ষ থেকে বক্তারা বলেন, সবাই কমবেশি অবগত রয়েছেন যে হৃদয়ে শ্রীমঙ্গল বিগত ছয় সাত বছর ধরে উপজেলা ব্যাপি নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে জটিল রোগীদের চিকিৎসা ব্যয়, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী উপহার সহ নানাবিধ সাহায্য ও সহায়তা প্রদান ইত্যাদি।
অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা ও বাংলাদেশের সমন্বয়ক এবং সদস্যবৃন্দসহ যারা আর্থিক অনুদান প্রদান করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।