

ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় বুধবার দুপুরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপস্থিত হয়ে কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধবিমানের ধাক্কায় মার্কিন ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাকে তলব করা হয়। খবর রয়টার্সের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, ‘রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে আমরা কড়া অভিযোগ দেব। রুশ যুদ্ধবিমান যা করেছে, তা একদমই অনিরাপদ ও অপেশাদার আচরণ। এরই মধ্যে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া বার্তা দিয়েছেন।’
তলব করার পর রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সাংবাদিকদের জানান, ইউরোপের পূর্ব অংশে যা ঘটছে, তা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার একটি রুশ সুখোই-২৭ জেট বিমানের সঙ্গে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধাক্কা লাগে। ফলে ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে।
রুশ বিমানবাহিনীর এই হামলাকে ‘বেপরোয়া আচরণ’ বলেছে পেন্টাগনের ইউরোপিয়ান কমান্ড।
মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা জেনারেল জেমস বি হেকার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এমকিউ–৯ উড়োজাহাজটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযানে ছিল। তখন সেটিকে আঘাত করে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এর ফলে ড্রোনটি বিধ্বস্ত হয়। বলতে গেলে এটি রাশিয়ার একটি অনিরাপদ ও অপেশাদার পদক্ষেপ।’
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন ড্রোনের মোকাবিলার কথা অস্বীকার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিমান কোনো অস্ত্র ব্যবহার করেনি বা ড্রোনটির সংস্পর্শে আসেনি। ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরের ওপর একটি মার্কিন মানববিহীন ড্রোন শনাক্ত করে রাশিয়া। যা রুশ সীমান্তের দিকে যাচ্ছিল।
নিউজ /এমএসএম