শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

এডিবির কাছে আরও সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে আরো সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে এই সহায়তা চান।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসস

বৈঠকে এডিবির প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামোর ওপর জোর দিচ্ছে। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পে, প্রধানত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে আরও সহায়তা চান।

স্কুলের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল সম্পর্কিত কর্মসূচির বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা এডিবিকে এ ব্যাপারে সহায়তার জন্য এগিয়ে আসতে বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে এডিবির একজন সহসভাপতি বাছাই করারও আহ্বান পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি এই আঞ্চলিক উন্নয়ন ব্যাংককে সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য, বিশেষ করে দুঃসময়ে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।

এডিবি প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বলেন, এডিবি একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাজ করছে।

তিনি আরো বলেন, ‘এডিবি বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে যাবে। আগামী দিনগুলোতে আমাদের মধ্যকার এই অংশীদারত্ব আরও জোরদার হবে।’

আসাকাওয়া বলেন, বাংলাদেশের ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হওয়ার আকাঙ্ক্ষার যাত্রায় এডিবি পাশে দাঁড়াবে।

এডিবিপ্রধান কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং উপস্থিত ছিলেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102