

চ্যালেঞ্জিং স্কোর। শেষ পর্যন্ত লড়ল ভারতের মেয়েরা। কিন্তু শেষ হাসি অস্ট্রেলিয়ার। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতকে বিদায় করে ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া।
কেপটাউনে প্রথম সেমিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪ উইকেটে ১৭২ রান। জবাবে ভারত করতে পারে ৮ উইকেটে ১৬৭ রান। ৫ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে অজি মেয়েরা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার ছিল ব্যর্থ। তারপরও বাকিরা লড়ে গেছেন শেষ পর্যন্ত। ৩৪ বলে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক হারমানপ্রীত গৌর। জেমিমাহ ৪৩, দীপ্তি শর্মা ২০*, রিচা ঘোষ ১৪, স্নেহ রানা ১১ রান করেন। বল হাতে অস্ট্রেলিয়ার গার্ডনার দুটি উইকেট নেন। ব্যাট হাতে ৩১ রান করার সুবাদে গার্ডনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার বেথ মুনি। অধিনায়ক ম্যাগ ল্যানিং ৪৯ রানে থাকেন অপরাজিত। ১৮ বলে পাঁচ চারে ৩১ রান করেন গার্ডনার। আলিশা হেলি ২৬ বলে করেন ২৫ রান।
শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জয়ী দল ফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। কেপ টাউনে আগামী ২৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
নিউজ /এমএসএম