বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

দেশে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে ভয়াবহ রকমের চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার নয়াপল্টনে দলের যৌথসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিন আমাদের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে সেদিন বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় যে নতুন চিন্তা চেতনা সৃষ্টি হয়েছিল এবং সত্যিকার অর্থেই নতুন রাষ্ট্র নির্মাণের অংকুর সেদিন সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও জাতি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কী দুর্ভাগ্য বাংলা একাডেমির প্রতিষ্ঠা হয়েছিল বাংলা ভাষা ও বিকাশের জন্য। চিন্তা-চেতনা বিকাশের জন্য। মুক্তচিন্তার জন্য। সেই বাংলা একাডেমি অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে, বিভিন্ন বইয়ের প্রদর্শন বন্ধ করে দিয়ে, একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই ২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। জনগণের কথা বলার অধিকার, মুক্ত চিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার আমরা নিশ্চয় প্রতিষ্ঠা করব।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102