

দীর্ঘ ৯ বছর পর অমর একুশে বইমেলায় পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। উদ্দেশ্য বইমেলায় প্রকাশিত চিত্রনায়ক ফেরদৌসের প্রথম উপন্যাস ‘এই কাহিনি সত্য নয়’ বইটি সংগ্রহ করা। গতকাল বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় ঢুকেই সর্বপ্রথম সোহানা সাবা তার প্রিয় বন্ধু নায়ক ফেরদৌসের লেখা বইটি কেনেন।
সোহানা সাবা বলেন, ‘প্রায় ৯ বছর পর বইমেলায় গেলাম। শেষ যাওয়া হয় আমার সন্তান যখন গর্ভে ছিল। অনেকদিন পর বইমেলায় এসে অন্যরকম অনুভূতি কাজ করছে। অনেক স্মৃতি চোখের সামনে ভাসছে। আর বইমেলায় লেখক-পাঠক ও প্রকাশকের মিলনমেলা দেখে, কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে, এতদিন না এসে অনেক কিছু মিস করেছি। আশা করি, এবার থেকে প্রতি বছর বইমেলায় আসব।

চিত্রনায়ক ফেরদৌসের প্রথম উপন্যাস প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ফেরদৌস তার প্রথম উপন্যাস “এই কাহিনি সত্য নয়” প্রকাশের আগেই এর গল্প কিছুটা আমাকে শুনিয়েছে। সেসময় থেকেই তাকে উৎসাহ দিতাম। সেজন্য তার বই প্রকাশের পর মেলায় এসে সংগ্রহ করে ভালো লাগছে। ফেরদৌস তার বইয়ের ভূমিকাতে আমার নাম দিয়েছে। বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। আমি চাই তিনি নিয়মিত লিখবেন।
নিউজ /এমএসএম