রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ম্যাক্স মিডিয়া লন্ডন এর বিশেষ রিপোর্ট

ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন উদযাপনে ব্রিক লেন আসছেন রাজা ও রানী

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা ৮ ফেব্রুয়ারী বুধবার যুক্তরাজ্যে বাঙালী কমিউনিটির প্রাণকেন্দ্র বাংলা টাউনে এক ঘন্টার ঐতিহাসিক সফরে আসছেন। এ সময় তাঁরা আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার, ব্রিক লেইন এলাকা ও ব্রিক লেইন জামে মসজিদ পরিদর্শন করবেন।

এই সফরের আয়োজন করেছেন ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইন্সপিরেশন – বিবিপিআইয়ের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি আয়েশা কোরেশী এমবিই, জেপি ও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার আবদাল উল্লাহ। তাঁদের সহযোগিতা করছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ব্রিক লেইন বিজনেস এসোসিয়েশন ও ব্রিক লেইন জামে মসজিদ ট্রাস্ট। খবর ম্যাক্স মিডিয়া লন্ডন

ভিন্ন ধারার ডিজিটাল মিডিয়া ম্যাক্স মিডিয়া লণ্ডন এর বিশেষ এক প্রতিবেদনে বলা হয়, বাঙালীর ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারীর শুরুতে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা বাংলা টাউনে তাঁদের সফরের প্রথম পর্বে আসবেন আলতাব আলী পার্কে। এই পার্ক ও এখানে স্থাপিত শহীদ মিনার বাংলাদেশী জনগোষ্ঠীর সংগ্রামী ইতিহাসের স্মারক। আলতাব আলী পার্ক ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে বাঙালীর দুর্বার আন্দোলনের প্রতীক।

বাঙ্গালীর ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে যুক্তরাজ্যে প্রথম শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে এই পার্কেই।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।

আলতাব আলী পার্কে রাজা চার্লস ও কুইন কনসর্ট এসে পৌঁছুবার পর সেখানে তাঁদের স্বাগত জানাবেন লর্ড লেফটেনেন্ট অব গ্রেটার লন্ডন স্যার কেনেথ ওলিসা ওবিই।

পরে রাজকীয় অতিথিদের স্বাগত জানাবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার শাফি আহমদ এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

এখানে রাজন্যবর্গকে আরও স্বাগত জানাবেন বিবিপিআইয়ের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি আয়েশা কোরেশী এমবিই, জেপি ও কাউন্সিলার আবদাল উল্লাহ।

আলতাব আলী পার্কে – শহীদ মিনার প্রাঙ্গণে, রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা পরিচিত হবেন ৭০-এর দশকে লন্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী ব্যক্তিত্বদের সঙ্গে।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ৪ মে পূর্ব লন্ডনের ব্রিকলেনের কাছে তৎকালীন সেইন্ট মেরী পার্ক সংলগ্ন এডলার স্ট্রিটে বর্ণবাদীদের হামলায় নির্মমভাবে নিহত হন বাঙালী তরুণ আলতাব আলী। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি। লন্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলন উন্নীত হয় চূড়ান্ত পর্বে। এই প্রেক্ষিতে শহীদ আলতাব আলীর স্মরণে সেইন্ট মেরী পার্কের নতুন নামকরণ করা হয় আলতাব আলী পার্ক।

আলতাব আলীর আত্মত্যাগ ও ভাষা শহীদদের স্মরণে রাজা চার্লস শহীদ মিনার প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ করবেন।

শহীদ মিনার প্রাঙ্গণে রাজা ও কুইন কনসর্টের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিবিপিআইয়ের উপদেষ্টাদের সাথে।

আলতাব আলি পার্ক থেকে রাজা ও কুইন কনসর্ট গাড়িযোগে যাবেন ব্রিক লেইনে বাংলা টাউন গেইটে। সেখানে তাঁরা স্থানীয় ব্যবসায়ী ও চ্যারিটি নেতৃবৃন্দের সাথে পরিচিত হবেন। কোভিড -১৯ এর কী প্রভাব তাঁদের কার্যক্রমে পড়েছে, রাজা সে সম্পর্কে তাঁদের কাছে জানতে চাইবেন।

ব্রিক লেইনে রাজা ও কুইন কনসর্ট বাংলাদেশের বিখ্যাত জামদানী ভিত্তিক সংগঠন বিবিপিআই জামদানী নেটওয়ার্কের মহিলা নেত্রীদের সাথে পরিচিত হবেন।

ব্রিক লেইন ধরে হেঁটে যাবার সময় রাজকীয় অতিথিদের সামনে থাকবে প্রখ্যাত শিল্পীদের সমন্বয়ে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি চলমান প্রদর্শনী। এ সময় সর্বস্তরের এলাকাবাসি রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাঁদের স্বাগত জানাবেন।

রাজা ও কুইন কনসর্ট এরপর পরিদর্শনে যাবেন যুক্তরাজ্যে বাঙালী কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক প্রতিষ্ঠান – ব্রিক লেইন জামে মসজিদে। মসজিদের ট্রাস্টিরা তাঁদের সেখানে স্বাগত জানাবেন।

উল্লেখ্য, ব্রিক লেইন মসজিদ এমন একটি ঐতিহাসিক ভবনে প্রতিষ্ঠিত, যেটি নির্মিত হয়েছে প্রায় তিনশ’ বছর আগে, ১৭৪৩ সালে। এখানে হযরত ইব্রাহিম আঃ -এর অনুসারী তিনটি ধর্মমতে বিশ্বাসীদের উপাসনালয় স্থাপিত হয়েছে। এগুলো হচ্ছে খ্রীস্টানদের চার্চ, ইহুদীদের সিনাগগ এবং সবশেষে মুসলমানদের মসজিদ।

এই ভবনে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিক লেইন জামে মসজিদ।

বিবিপিআইয়ের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি আয়েশা কোরেশী এমবিই, জেপি ও কাউন্সিলার আবদাল উল্লাহ বাংলা টাউনে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্টের সফর সফলে সর্বাত্মক সহযোগিতা প্রদান করায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ব্রিক লেইন বিজনেস এসোসিয়েশন, ব্রিক লেইন মসজিদ, স্থানীয় বাসিন্দা ও পুলিশসহ সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ৮ ফেব্রুয়ারি রাজকীয় অতিথিদের বাংলা টাউন সফর কর্মসূচি সম্পূর্ণভাবে সফল করতে তাঁরা কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102