

রাশিয়ার হুঁশিয়ারিকে পাত্তা দিল না ফ্রান্স ও অস্ট্রেলিয়া। দেশ দুইটির রাশিয়ার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের জন্য যৌথভাবে ১৫৫ মিলিমিটার কামানের গোলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু গতকাল সোমবার প্যারিস সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। খবর পার্স টুডের।
তিনি বলেন, ইউক্রেনের জন্য যৌথভাবে কয়েক হাজার গোলা তৈরি করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, সেই বৈঠকে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
লেকর্নু বলেন, সমরাস্ত্রটি নির্মাণের ব্যয় অস্ট্রেলিয়া ও ফ্রান্স সমানভাবে বহন করবে এবং এটি তৈরি করবে ফ্রান্সের অস্ত্র নির্মাণকারী কোম্পানি নেক্সটার। আর এটি তৈরিতে এক্সপ্লোসিভ পাউডার সরবরাহ করবে অস্ট্রেলিয়া।
দেশ দুইটি এমন সময়ে এ সিদ্ধান্ত নিল যখন রাশিয়া শুরু থেকেই ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার আরও একবার এ বিষয়ে মস্কোর বিরোধিতার কথা তুলে ধরে বলেন, পশ্চিমা দেশগুলোর এসব সমরাস্ত্র যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন করতে পারবে না। তিনি দাবি করেন, এ যুদ্ধে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম