

সেলিম মাহবুব, ছাতক : ছাতকে অগ্নিকাণ্ডে ৩ টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বড় পলিরগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গ্রামের মখবুল আলী, সাদেক আলী ও রাজু মিয়া’র বসতঘর ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, রাত ১১ টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে গেলে দ্রুত ঘর থেকে বাহির হয়ে যায় তারা। এ সময় ঘরে থাকা ধান, চাল, হাস, মোরগ, বই, খাতা, দলিল পত্র, কাপড় চোপড় সহ অন্যান্য মুল্যবান জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মালামালসহ ঘর গুলো ভস্মীভূত হয়।