

বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ভারতের সাথে বৈরি সম্পর্ক রেখে উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ভারতের সরকারের সাথে আমাদের বন্ধুত্ব। নরেন্দ্র মোদির সরকারের সাথেও আমাদের বন্ধুত্ব আছে। বন্ধুত্বের বিকাশও হচ্ছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সাথে আমাদের একাত্তরের রাখিবন্ধন অটুট আছে। রক্তের রাখি বন্ধন আমরা ভুলি না, কখনো ভুলতে পারি না।
কাদের বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্কে খুবই স্মৃতিভরা। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ভারত ছিল বিশ্বস্ত, আশ্রয়দাতা।
আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য কতটা কঠিন হবে? ভারতের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ১৫ বছর ধরে ক্ষমতায়। তৃতীয় মেয়াদ অতিক্রম করে চতুর্থ মেয়াদের জন্য আমরা নির্বাচনে যাবো। গতবারের চেয়ে আরেকটু কঠিন হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে দ্বিধা নেই। সবকিছু মিলিয়ে ভারত তো আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। কিন্তু আমাদের পাশে আছে। আমরা বন্ধু হিসেবে পাশে দেখতে চাই।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ সফরে আসা ১১ জন ভারতীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম