

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘চলতি বছর নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। মালয়েশিয়াতে নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে। এছাড়া গ্রিসের সঙ্গে নতুন করে চুক্তি করেছে সরকার। আগামী দু-এক বছরের মধ্যে চীনসহ আরও কয়েকটি দেশে শ্রমিক সংকট দেখা দিবে। এই সুযোগ কাজে লাগাতে সরকার প্রস্তুত রয়েছে।
শুক্রবার দুপুরে সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট কাজে চুক্তিবদ্ধ হয়ে অনেকে বিদেশে গেলেও সেখানে পৌঁছে সে কাজ ছেড়ে দেয়। এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এতে দেশের বদনাম হয়। বিদেশে যাওয়ার আগে সেদেশের ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে যাওয়া উচিত। এতে বেশি টাকা বেতনও পাওয়া যায়। তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে ১৬ বিলিয়ন ডলার, ২০১৯-২০ অর্থবছরে ১৮ বিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরে ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।’
২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স কমে যাওয়া প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, ‘করোনার কারণে অনেকে সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। যে কারণে রেমিট্যান্সেরও পরিমাণ বেড়েছিল। এখন আবারও প্রবাসীরা বিভিন্ন দেশে তাদের পুরোনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তারা গিয়ে রেমিট্যান্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আগামী জুন মাসের মধ্যে রেমিট্যান্স আগের বছরের সমপরিমাণ অর্থাৎ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।’
এর আগে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সহ-সভাপতি মো. উজ্জ্বল বখতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ প্রমুখ।
নিউজ /এমএসএম