

তেঁতুলিয়া উপজেলায় গত পহেলা জানুয়ারি রাতের আঁধারে আনোয়ার হোসেন (৪০) নামে এক বিকাশ এজেন্ট মোবাইল টেলিকম ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিপথ অবরোধ করে তেতুলিয়া বাংলাবান্ধা সড়কে দুর্ধর্ষ ডাকাতি ছিনতাই ঘটনার সংবাদবিভিন্ন গনমাধ্যমে প্রচার হওয়ার পর মডেল থানা পুলিশ প্রশাসন নড়েচড়ে উঠে। ৫ দিন অতিবাহিতের পর
ছিনতাইয়ের মুল রহস্য উৎঘাটন করে ছিনতাইকারী তিন সদস্যকে আটক করে পুলিশ।
সংবাদ সম্মেলনের আয়োজন করে গনমাধ্যম কর্মীদেরকে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত ও ছিনতাইয়ের রহস্য ঘটনার বর্ণনা করে তেতুলিয়া মডেল থানা পুলিশ। আটককৃতের শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর, বুড়াবুড়ি ও বোয়ালমারি এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।
থানা পুলিশ জানায় আটকৃতরা হলো, তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ (২৯), একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (২৮) ও আজিজনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর হোসেন (৩৩)।
উল্লেখ্য গত রোববার (১ জানুয়ারি) রাতে তেঁতুলিয়ার মোবাইল টেলিকম ব্যবসায়ী আনোয়ার হোসেন দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। তিনি তেঁতুলিয়ার আজিজনগর এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা সড়কে রাতের আঁধারে তারকাটা দিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এতে তিনি মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হলে এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা দোকানের নগদ ৮ লক্ষ ৫২ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে তাকে মারপিট করে পালিয়ে যায়। কিছু সময় পর অজ্ঞান অবস্থায় এক মাইক্রোবাস চালক তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ্য হয়ে আনোয়ার হোসেন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থানায় ছিনতাই মামলা দায়ের করেন।