বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি

মেট্রোরেল জনবান্ধব সরকারের আরেকটি সাফল্য

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে জনবান্ধব সরকারের আরেকটি সাফল্য অর্জিত হলো। মেট্রোরেলের যাত্রা ঢাকা মহানগরীর যাতায়াত ব্যবস্থায় ভিন্ন মাত্রা ও গতি যোগ করবে। নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে। বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেল ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি অনন্য মাইলফলক। বাণীতে তিনি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগসহ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত জনবহুল মহানগরী ঢাকা ও পার্শ্ববর্তী জেলার যানজট নিরসনে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময়সাশ্রয়ী, বিদ্যুৎচালিত, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহণ ব্যবস্থা প্রবর্তন সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ৬টি মেট্রোরেল লাইন সমন্বয়ে ঢাকা মেট্রোরেল নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কর্মপরিকল্পনা ২০৩০ বাস্তবায়ন করছে। প্রকল্পটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তার দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে দেশ ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে এগিয়ে চলেছে। সরকারের বিচক্ষণতা, সঠিক দিকনির্দেশনা এবং সাহসী নেতৃত্বের ফলে ঘনবসতিপূর্ণ জনসংখ্যার ঢাকা মহানগরীতে সুষ্ঠুভাবে মেট্রোরেল নির্মাণ সম্ভব হয়েছে। অনেক বাধা-বিপত্তি এবং করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ক্ষতিকর প্রভাব জয় করে নির্ধারিত সময়ের আগে মেট্রোরেলের উত্তরা (উত্তর) থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন সরকার, ঢাকা মহানগরবাসী ও অংশীজনের সম্মিলিত প্রচেষ্টারই ফসল।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মেট্রোরেল চালুর মাধ্যমে ঢাকা মহানগরী তথা দেশের যোগাযোগ ও আর্থ-সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসা-বাণিজ্যে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রেও এর সুফল পাওয়া যাবে।

রাষ্ট্রপতি বলেন, বিজয়ের মাসে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন জাতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার। নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেলের উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত সম্পূর্ণ অংশের বাস্তবায়ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102