

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সাজ সাজ রব কক্সবাজারে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে অলিগলি। কাল বুধবার (৭ ডিসেম্বর) জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ ৫ বছর পর কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণ দেবেন জেলা আওয়ামী লীগের জনসভায়। দীর্ঘদিন পর দলের সভানেত্রীর আগমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৃণমুল নেতাকর্মীদের মাঝে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। চলছে প্রচারণা। সড়ক মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধনে চলছে মহাকর্মযজ্ঞ। বঙ্গবন্ধু কন্যার আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবের আবহ।
কক্সবাজারে সরকারের সাড়ে তিন লাখ কোটি টাকার উন্নয়ন কাজ প্রায় শেষের পথে। মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করা ও দোহাজারি থেকে কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ প্রায় শেষ। পর্যটন শহরের এতো উন্নয়নে খুশি কক্সবাজারবাসী।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় পর্যটন নগরীতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ সময় সরকারপ্রধানের আগমন আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। উন্নয়ন আর শাসনে বেশ খুশি কক্সবাজারবাসী।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে গোটা কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে, জানিয়েছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।
সবশেষ ২০১৭ সালে রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা। আর ৫ বছর পর আবারও কাল বুধবার কক্সবাজারে দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
নিউজ /এমএসএম