শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কঙ্গোতে

৫০ জন বেসামরিক নাগরিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

কঙ্গোতে ৫০ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। চলতি সপ্তাহে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিশিশে শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশটির এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সহযোগীদের অভিযুক্ত করেছে কঙ্গোর সশস্ত্র বাহিনী। তবে বিদ্রোহী গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া কঙ্গো বারবার মধ্য আফ্রিকান প্রতিবেশী রুয়ান্ডাকে এম২৩ বিদ্রোহীদের সমর্থন করার জন্য অভিযুক্ত করেছে, যদিও কিগালি এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিগত টুটসি গোষ্ঠীর নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এম২৩ মধ্য আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে করে ওই এলাকাটি বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং সেখানে হওয়া বিভিন্ন হামলার জন্য উভয় পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে।

এম২৩ মুভমেন্ট গ্রুপের রাজনৈতিক মুখপাত্র লরেন্স কানিউকা এক বিবৃতিতে বলেছেন, ‘কিশিশেতে বেসামরিক মানুষের ওপর হামলা নিয়ে এম২৩ আন্দোলনের বিষয়ে যে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করছি আমরা। এম২৩ আন্তর্জাতিক এবং জাতীয় সম্প্রদায়কে এটিই মনে করিয়ে দিচ্ছে যে, আমরা কখনোই বেসামরিক জনগোষ্ঠীকে হামলার লক্ষ্যবস্তু করিনি।

প্রসঙ্গত, কঙ্গো এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী রুয়ান্ডা এম২৩ বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করে। অবশ্য রুয়ান্ডা এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। এই পরিস্থিতিতে দুই দেশ সংঘাতের সমাধান খোঁজার লক্ষ্যে গত সপ্তাহে অ্যাঙ্গোলায় আলোচনায় বসেছিল। এম২৩ বিদ্রোহীরা বছরের পর বছর নিষ্ক্রিয় থাকার পর ২০২১ সালের শেষের দিকে আবারও যুদ্ধ শুরু করে। তখন থেকে তারা উগান্ডা সীমান্তের কৌশলগত শহর বুনাগানাসহ উত্তর কিভুজুড়ে বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102