

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শহরের সবগুলো প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকছে পুলিশের কড়া নজরদারি।
পুলিশের একাধিক সূত্র জানায়, শহরের ১৭টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। শহরজুড়ে সাদাপোশাকে বিপুল সংখ্যক পুলিশ মাঠে কাজ করছে। সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া সমাবেশস্থল রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে (হাজী মুহম্মদ মুহসীন উচ্চ বিদ্যালয় মাঠ) পুলিশ অবস্থান নিয়েছে। মাদরাসার প্রধান ফটক ঘোষপাড়া মোড়ে দায়িত্ব পালন করছে বেশ কিছু পুলিশ সদস্য। মাঠ ও আশপাশের এলাকার চিত্র জানতে পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে ওই এলাকার ওপর নজর রাখছে পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বলেন, সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে সহিংস কিছু ঘটাতে না পারে সে জন্য সতর্ক আছি। সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১৭টি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। গোটা শহরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাদা পোশাকে মাঠে পুলিশ রয়েছে। গোয়েন্দা শাখার সদস্যরাও কাজ করছেন। সমাবেশে সার্বক্ষণিক নজর রাখতে এর মধ্যে মাদরাসা মাঠে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট থেকে এ ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিউজ /এমএসএম