

প্রয়োজন হলে বিদেশিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে দিনব্যাপী ‘আন্তর্জাতিক চ্যারিটি বাজার’ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্রেরই কল্যাণ হয়নি মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশের মানুষ যাকে মনে করবে তাকেই ভোট দেবে।
বিদেশি দূতরা কোড অব কনডাক্ট না মানলে শক্তিশালী দেশগুলো চাইলেই ব্যবস্থা নিতে পারে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু শক্তি না থাকায় সে পথে যেতে পারছে না বাংলাদেশ। তবে সময় হলে বাংলাদেশও অ্যাকশনে যাবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার মতো দেশ তাদের গত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ২০-২১ জন কূটনীতিককে বের করে দিয়েছিল।
ড. মোমেন আরও বলেন, এ ছাড়া আমেরিকার অভ্যন্তরীণ যেসব সংস্থা রাশিয়াকে সহযোগিতা করেছিল বলে তারা মনে করেছে, তাদের নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিয়েছিল। তারা শক্তিশালী দেশ হওয়ায় এসব পদক্ষেপ সহজেই নিতে পারে।
নিউজ /এমএসএম