সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :

প্রধানমন্ত্রীকে রোসাটম ডিজি: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি দেওয়া হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থার (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এ ছাড়া আগামী বছরের অক্টোবরে বিদ্যুৎকেন্দ্রের জন্য তাজা পরমাণু জ্বালানি বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে আলেক্সি লিখাচেভ এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে রোসাটম মহাপরিচালক জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বাংলাদেশে তাজা পরমাণু জ্বালানির আগমন উদযাপন করতে চান তারা। এছাড়া রাশিয়া বাংলাদেশে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা চালাতে আগ্রহী বলে জানান তিনি।

বৈঠকের শুরুতে আলেক্সি লিখাচেভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি চলাকালীন সহায়তা প্রদান এবং পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। এছাড়াও স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহায়তার জন্য রাশিয়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশি কর্মীরা যাতে স্বাধীনভাবে আরএনপিপি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সক্ষম হতে পারে সেজন্য রাশিয়ান স্টেকহোল্ডাররা আরএনপিপির জনশক্তি উন্নয়নের ওপর জোর দিতে পারে। তিনি এই বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার প্রতি গুরুত্ব দেন।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102