

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড়ে মলমপার্টির খপ্পরে পড়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবার। সকালের নাস্তা খাওয়ার পর চেয়ারম্যান পরিবারের তিনজন সদস্য অচেতন হয়ে পড়েন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের বাড়িতে এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, সকালে চা নাস্তা খাওয়ার পর থেকেই আমার বাবা সামছুজ্জোহা (৬০), মা কাদিরা বেগম (৫৫), আমার স্ত্রী কাশমিরা তাহির (৩০) ও পাশের বাড়ির আর্জিনা বেগম (৫৫) নামে এক মহিলা অচেতন হয়ে পড়েন। এ সময় তাদের বার বার ডেকে জাগিয়ে তোলার চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে কাদিরা বেগম, কাশমিরা তাহির ও আর্জিনা বেগম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সামছুজ্জোহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম মাহাবুব উল আলম বলেন, তাদের নেশাজাতীয় কোনো দ্রব্য চা-নাস্তার সঙ্গে মিশিয়ে দিয়ে অজ্ঞান করা হয়েছে। রোগীরা যখন আসে তখন তারা গভীর ঘুমে ছিল। গুরুতর অসুস্থ সামসুজ্জোহাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, বাংলাবান্ধার চেয়ারম্যান পরিবারের তিনজন এবং প্রতিবেশী একটি মহিলা চা খাওয়ার পর অতিরিক্ত ঘুমের কথা শুনেছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর জানা যাবে আসলে কি ঘটেছিল। খাদ্যে বিষক্রিয়ার ঘটনাও হতে পারে।