

আদালত প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনানুসারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অংশ নেয়ার সুযোগ নেই।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে তিনি অংশ নিতে পারবেন না। তবে আমার মনে হয়, আইনানুসারে তিনি নির্বাচন করতে পারবেন না।
সংবিধানের নির্বাচনে অযোগ্যতা সংক্রান্ত ৬৬ অনুচ্ছেদ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত। বিএনপির সেক্রেটারি জেনারেল অনেক দেশীয় আইন মানেন না। তাদের পক্ষে অনেক রকম কথা বলাটা যে খুব একটা সারপ্রাইজিং তা না।
‘খালেদা জিয়ার আপিল বিচারাধীন আছে কিন্তু তারা শুনানির উদ্যোগ নিচ্ছেন না’ এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, তারা কি করবেন না করবেন আমি কি সে জন্য তাদের উপদেশ (অ্যাডভাইস) দেবো? তারা আপিল শুনানির উদ্যোগ নিচ্ছেন না, তার কৈফিয়ত আমাকে দিতে হয় এটা তো যৌক্তিক না।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম