সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

করতোয়ায় নৌকাডুবি, ২৪ জনের লাশ উদ্ধার: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (২৫ সেটেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ প্রশাসনের আশঙ্কা।

এ ঘটনায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয়রা জানান, হিন্দু ধর্মাবলম্বীরা মহালয়া পূজা উপলক্ষে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে গিয়ে ‍ডুবে যায়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, নৌকায় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন।

ইউএনও মো. সোলেমান আলী আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরই দুলতে শুরু করে নৌকাটি। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

ইউএনও আরো বলেন, নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। শনাক্ত হলে লাশ হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

এ ঘটনায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন নৌকাডুবিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102