

স্পোর্টস ডেস্ক: ২০১৪ সাল থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারবাহিকভাবে খেলে আসছে বাংলাদেশ দল। প্রথমবার স্বাগতিক হওয়ার সুবাদে অংশ নেয় সরাসরি। তবে পরের তিনবার খেলতে হয় বাছাই পর্ব। ২০১৫ সালে রানার্সআপ, ২০১৮, ও ২০১৯ এ চ্যাম্পিয়ন হয়ে ওঠে মুল পর্বে। এবারও ফাইনালে উঠে নিশ্চিত করেছে আগামী বছর দক্ষিণ আফ্রিকার টিকিট।
আবুধাবীতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে হারায় ১১ রানে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রান করে নিগার সুলতানার দল। জবাবে ৬ উইকেটে ১০২ রানে শেষ হয় থাইল্যান্ডের ইনিংস। এ জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চত করে বাংলাদেশ।

ফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
অন্য সেমিতে জিম্বাবুয়েকে ৪ রানে হারায় আইরিশরা। তাদের ৬ উইকেটে ১৩৭ রান তাড়া করে ৬ উইকেটে ১৩৩ রান তোলে জিম্বাবুয়ে।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই দলটির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলা হতাশাজনক। বারবার বাছাই পর্বের পরীক্ষা আর দিতে চায়না নিগার সুলতানারা। লক্ষ্য, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করা। তাই নিজেদের অবস্থার উন্নতি চান সালমা-জ্যোতিরা।

বাংলাদেশ এখন আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ, নিয়মিতই আছে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ। উইমেন্স চ্যাম্পিয়নশিপে সাফল্য পেলে সম্ভাবনা উজ্জল হবে রেংকিংয়ে সেরা আটে থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি খেলা।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম