বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

পাকিস্তান আমলের প্রশংসা করা দুঃখজনক: ওবায়দুল কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অগ্রগতি, সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা করা অত্যন্ত দুঃখজনক।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এখনকার তুলনায় পাকিস্তান আমল নাকি ভালো ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন রাষ্ট্রদ্রোহী বক্তব্যের মধ্যদিয়ে বিএনপির চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতা বিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আবারও বহিঃপ্রকাশ ঘটেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবৃতিতে আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেম বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন এ ধরনের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মন্তব্য করতে পারে না।

বিএনপি নেতাদের এ ধরনের পাকিস্তান প্রীতি প্রমাণ করে মহান স্বাধীনতাকে অস্বীকার করে তারা এখনও বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি প্রবর্তন করতে চায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, পাকিস্তান পার্লামেন্ট ও গণমাধ্যমে যখন বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে, তখন বিএনপি মহাসচিব নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছেন।

বিবৃতিতে কাদের বলেন, স্বাধীন বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবে পাকিস্তানি দর্শনের রাজনীতিকে লালন করে তারা স্বাধীনতার ৫০ বছর পর এখনও ‘পেয়ারে পাকিস্তান’ মন্ত্র জপছে।

বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহিতার শামিলই নয়, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102