

স্টাফ রিপোর্টার: চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছাতে পারে। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন। শেখ হাসিনাকে বিমানবন্দরে লালগালিচা অভ্যর্থনা জানানো হবে। এ সময় সেখানে ৬-৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য পরিবেশন করবে এবং বাদ্যযন্ত্র বাজানো হবে।
প্রধানমন্ত্রীর এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচনার শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম