শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বৃষ্টির আভাস, তাপমাত্রা আরও কমতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রোববার দেশের কোথাও কোথাও অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শুক্রবার যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। বৃষ্টি বাড়ায় শনিবার এ দুটি জেলা থেকেও তাপপ্রবাহ দূর হয়েছে। রোববার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টেকনাফ ছাড়া সারাদেশে বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় (৭৬ থেকে শতভাগ অঞ্চল) এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আগামী তিনদিনের আবহাওয়ার অবস্থা তুলে ধরে ওমর ফারুক বলেন, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102