বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

`গুজব প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই,

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

আহম্মেদ মুন্নী: গনমাধ্যম রাষ্ট্রের দর্পণ। দায়িত্বশীলতা সাংবাদিকতারই অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও সাংবাদিকতা করেছিলেন।একাত্তরের পর তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করেছেন এবং  তিরি সাংবাদিকদের জন্য যে আইন করেছিলেন আমরা আজো তার বিকল্প কিছু করতে পারিনি। বঙ্গবন্ধুর বোপণ করা ডিজিটাল বাংলাদেশের সেই বীজকে চারা গাছে পরিণত করেছেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর শাসনামলেও তাঁর বিরুদ্ধে অসত্য, গুজব প্রচার হয়েছে। বঙ্গবন্ধু কয়জন সাংবাদিককে জেলে ঢুকিয়েছিলেন? বঙ্গবন্ধু ৭৫ সালে যে কর্মসূচি নিয়েছিলেন এর প্রেক্ষিত আছে। তিনি কেনো দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। ৭৪ সালে কিভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিলো। সে জায়গাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় শোকদিবস উপলক্ষ্যে ‘দায়িত্বশীল সাংবাদিকতা ও বঙ্গবন্ধুর নির্দেশনা শীর্ষক’ আলোচনা সভার আয়োজন করে জাগরণ টিভি ও নিউজ নাউ বাংলা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে সাংবাদিকতার প্রসঙ্গে সামাজিক যোগযোগ মাধ্যমে যে অপপ্রচার ও গুজব রটনা চেষ্টা করছে তারা  দূর্ভাগ্যক্রমে  ফ্যাক্টচেকার তারাও জামায়ত-শিবির। সাংবাদিকতা এবং ফেসবুক চর্চা এক জিনিস নয়। ফেসবুকে আমরা যা কিছু লিখতে পারি কিন্তু সংবাদপত্রে কলম আছে বলেই যা ইচ্ছে তাই লেখা সম্ভব নয়।

এতোকিছুর পরেও গণমাধ্যমের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়ানো হয়। গণমাধ্যমে ডিজিটাল প্লাটফর্মের প্রভাব বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যেসব সংবাদপত্র নিবন্ধনকৃত তাদের নিয়ে আমাদের চিন্তা কম করতে হয়। প্রতিদিন মিডিয়া বাড়ছে কিন্তু দায়িত্বশীল সম্পাদকের সংখ্যা বাড়ছে না। যার কারণে অনেকে দায়িত্বহীনতার পরিচয় দেন। তারা বাংলাদেশের সংবাদমাধ্যমের স্ট্যান্ডার্ড অনুসরণ করে না।

গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বঙ্গবন্ধুর ভাষণগুলো আমরা যদি শুনি, তাহলে দেখা যায়- তিনি বারংবার ‘আমার মানুষ’ শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি মানুষকে গুরুত্ব দিতেন। এদিকে সাংবাদিকতাও মানুষের জন্য। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়লে দেখা যায়, তিনি সেখানেও সাংবাদিকতাকে গুরুত্ব দিয়েছেন।

বঙ্গবন্ধু চাইতেন সাংবাদিকরা যাতে স্বাধীনতা পায়। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সময়ে প্রথম শ্রেণির কর্মকর্তার চেয়ে সাংবাদিকরা বেতন বেশি পেতো। আইনের মাধ্যমে সংবাদ মাধ্যম সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিলো। সম্পাদকের মর্যাদা সচিবের সমান দেয়া হয়েছে। পরে বিএনপি জামায়াত আমলে এটা বাতিল করা হলো। পরবর্তীতে সাংবাদিকদের কল্যাণে আর কোনো আইন করা হয়নি।তিনি আরোও বলেন, সাংবাদিকরা দায়িত্বশীল হবেন, এটাই স্বাভাবিক।

এক্ষেত্রে কর্পোরেট সংস্কৃতি অনেক সময় এটাকে গ্রাস করতে চায়। আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু যদি অধৈর্য হতেন তাহলে তাঁর আমলে অনেক পত্রিকা বন্ধ হয়ে যেত। কিন্তু সেটি হয়নি। আগরতলা ষড়যন্ত্র মামলায় শহীদুল হক নামে পাকিস্তান অবজারভারের যে সাংবাদিক বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, পরবর্তীতে বঙ্গবন্ধুর সাথে তার দেখা হলে তিনি বলেছিলেন, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলা। তোমার এই বিরুদ্ধ সাক্ষীও আমার মুক্তির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এভাবে বঙ্গবন্ধু তাঁর বিরোধী সাংবাদিকদের দেখেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ বলেন, বঙ্গবন্ধু সারাজীবন বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম করেছেন।১৯৭৫ সালের ২৬ মার্চ ঢাকার জনসভায় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) এর মূল নির্দেশনা ছিলো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো।

জাতির পিতার মূল নিদের্শনা ছিলো সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অথচ তৎকালিন সময় প্রচার প্রচারনায় ছিলো পক্ষপাতিত্ব। ছিলো দেশি-বিদেশি চক্রান্তের অপপ্রচার। তারপরেও বঙ্গবন্ধু গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েছিলেন। শুধু তাই নয়, গণমাধ্যমের কল্যাণেও নানা কাজ করেছেন।

ড. পারভেজ সাজ্জাদ বলেন, এখন সময় এসেছে এসব বিষয়ে বস্তুনিষ্ঠ ভাবে পর্যালোচনা করে তরুণ প্রজন্মমের সামনে তুলে ধরতে হবে।

ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা বলেন, আগস্ট মাস আসলে আমাদের সারা মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে তাঁর গড়া দেশ যখন পরিপূর্ণ ডিজিটাল হওয়ার পথে, তখনো স্বাধীনতা বিরোধীরা থেমে নেই। প্রতিনিয়ত তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, বঙ্গবন্ধুর দেশে তাঁর দেয়া লাল-সবুজের পতাকা থাকবে। কোনো স্বাধীনতা বিরোধীর স্থান হবে না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, বঙ্গবন্ধু চাইতেন গণমাধ্যম সততার সাথে চলবে, সত্যের সাথে চলবে। আমরা সেই পথে কতখানি আছি? গণমাধ্যমের উৎকর্ষ সাধনে আমাদেরকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আরো নিবেদিত হতে হবে, আরো পথ পাড়ি দিতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বলেন, ১৩/১৪ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। অথচ এই প্রেক্ষাপটে এসেও নারীর পোশাক নিয়ে কথা বলা হচ্ছে। আসলেই, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়া গেছে কিনা, সেটা দেখতে হবে।বঙ্গবন্ধুর ধর্ম দর্শন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার কথা তিনি বলে গেছেন। তিনি অনেক আগে যেই সমাজের কথা বলেছেন, সেই সমাজের কথা বিশ্ব এখন বলছে। এটাই বঙ্গবন্ধু, এটাই তাঁর বিচক্ষণতা।

বিএফইউজে সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেন, বঙ্গবন্ধু গণমাধ্যমবান্ধব নেতা ছিলেন। তিনি গণমাধ্যমের কল্যাণে নানা উদ্যোগও বাস্তবায়ন করেছেন। সাংবাদিকতায় স্বাধীনতাও তিনি দিয়েছেন। কাজেই সাংবাদিকদেরও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠতার ধারা অব্যাহত রেখে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে নিউজ নাউ এর প্রধান সম্পাদক শামীমা দোলা বলেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতা ও বঙ্গবন্ধুর নির্দেশনা’ শীর্ষক বিষয়টি আমরা বিবার্তার সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সাথে আলোচনা করে ঠিক করেছি। আর এর কারণ হলো- গণমাধ্যমে বঙ্গবন্ধুর যে অবদান, সাংবাদিকদের সাথে তাঁর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটিকে তুলে ধরা। একইসাথে বঙ্গবন্ধুকে নিয়ে যেসব মিথ্যাচার ও অপপ্রচার হয়েছে সেগুলোকেও তুলে ধরা আমাদের লক্ষ্য।

জাগরণ টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীন বলেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে গেলে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু এদেশের গণমাধ্যমকে উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু সেই গণমাধ্যমকে আজকে আমরা কী দেখছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭/৮ জন শিক্ষার্থী নারীর পোশাক নিয়ে দাঁড়িয়ে বিরূপ মন্তব্য করলেন। সেটা গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হলো? কিন্তু একটা বিষয় আসল না, এই ৭/৮ জন তো পুরো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে এটি করে নাই।

নিউজ নাউ বাংলা অনলাইন র্প্রোটালের সম্পাদক শামীমা দোলা সভাপতিত্বে এবং জাগরণ টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীনে সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বিবার্তা২৪ডটনেটের বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেলসহ প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102