

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
হাইকমিশনের কন্সুলার সহকারী,মোঃ ইবাদ উল্লাহ এর সঞ্চালনা সোমবার (১৫ আগস্ট) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এর উদ্যোগে আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভার অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। ১৫ আগস্ট কাল রাতে নিহত বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর প্রেরিত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়।
আলোচনাপর্বে হাই কমিশনের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান মোঃ সোহেল পারভেজ তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও স্বাধিকার আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর প্রথম দিল্লী যাত্রার ঘটনা তুলে ধরে বঙ্গবন্ধুর বিভিন্ন মানবিক গুনাবলীর বিষয়ে আলোকপাত করেন।
প্রবাসী বাংলাদেশীদের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ সোহেল রানা জাতির পিতার রাজনৈতিক আদর্শ ও কর্মজীবনের উপর তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রবাসী বাংলাদেশীদের পক্ষে বিশিষ্ট চিকিৎসক মোক্তার আলী লস্কর বক্তব্য দেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধুর ঘটনাবহুল রাজনৈতিক জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্হারধাণ অতিথি ইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে শুরুতে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেন জাতির পিতাকে।
জাতির পিতার সাফল্যময় সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে ১৫আগস্ট শাহাদাত বরনকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।
হাইকমিশনার উল্লেখ করেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসিবে পরিচিতি পেয়েছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শুধুমাত্র সরকারের একার চেষ্টা দেশের উন্নতি ও অগ্রগতির জন্য যথেষ্ট নয়। আমাকে-আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে সোনার বাংলা গড়া সম্ভব হবে।মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নের অংশীদারিত্ব হওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং ১৫ আগস্ট ১৯৭৫ তারিখে মর্মান্তিকভাবে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক দুলাল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ এর লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, ইসলামি ব্যাংক বাংলাদেশে এর মালদ্বীপ প্রতিনিধি মাসুম বিল্লাহ, ব্যাবসায়ী মজিবুর রহমান, আওয়ামী লীগের সহ সভাপতি মনির হোসেন, মালদ্বীপ সোশ্যাল ওয়ার্কার এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টু, আওয়ামিলীগ এর সিনিয়র সভাপতি হাজি সাদেক, সহ আওয়ামিলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ, হাই কমিশনের কর্মকর্তা, কর্মচারী সহ ব্যাবসায়ীবৃন্দ সহ অনেক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।