

স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল বাদী হয়ে ভিক্টর ট্রেডিং করপোরেশনের আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা রুজু করা হয়েছে।
মামলায় আসামিরা হলেন মো. কাওছার ভুইয়া (৪২), মো. হাফিজ (২৮), মো. মহসিন ভুইয়া (২৫), মো. সুমন মিয়া (২৬), মো. মাসুম বিল্লা (২৫), মো. মাহবুব হোসেন (২৪), মো. আসিফ আকবর (২৭) ও মো. মাকসুদুল্লাহ (২৮)।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ দুপুরে রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদ আহমেদ হামলার শিকার হন। এ সময় ক্যামেরা ভাঙচুর ও ফুটেজ ডিলিট করে দেয় হামলাকারীরা। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এরপর ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় এসে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি আটজনের নাম উল্লেখ করেন। আটক আটজনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে- যোগ করেন ওসি উৎপল বড়ুয়া।
থানায় দেওয়া অভিযোগে সাইফুল ইসলাম লিখেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ভিক্টর ট্রেডিং করপোরেশনের মেডিকেল সরঞ্জামাদি ক্রয় ও সরবরাহে অনিয়মের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে আসামিরা আমার সঙ্গে থাকা ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মোবাইল, মানিব্যাগ ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়। এরপর তারা এলোপাতাড়ি আমাদের কিল, ঘুষি মেরে গলা চেপে ধরে এবং লাথি মেরে জখম করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ক্যামেরায় ধারণ করা সব ভিডিও ফুটেজও তারা মুছে ফেলে।
ভিক্টর ট্রেডিং করপোরেশন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে যায় ডিবিসি নিউজ।
এদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এক বিবৃতিতে সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ায় সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম