

ইউকেবিডিটিভি ডেস্ক: উদীয়মান শিল্পীদের শিল্পকর্ম নিয়ে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী।
বুধবার (২৭ জুলাই) বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রিপন কুমার দাস, ফরিদী নুমানসহ দেশের খ্যাতনামা প্রবীন-নবীন চিত্রশিল্পী ও শিল্পকর্মপ্রেমীরা।
কনকচাঁপা চাকমা বলেন, ‘একঝাঁক তরুণ, চোখে স্বপ্ন অনুভূতি প্রকাশ করার অপূর্ব এক দোতানা। আমি মুগ্ধ পেইন্টিংগুলো দেখে। স্টাইল, থিম, স্কিল, চর্চা আর কাজের প্রতি আগ্রহ থাকলে এ ধরনের ভালো ছবি হয়।’
তিনি আরো বলেন, ‘এই তরুণ প্রজন্মের চালিকা শক্তি রিপন। তার সান্নিধ্যে তরুণরা অধ্যবসায় চালিয়ে যাচ্ছে। তাদের মেজাজ, মনন দেখে গাইড করছে, এ প্রজন্ম অনেক দূর এগিয়ে যেতে পারে যদি শেষ পর্যন্ত তারা চিত্রচর্চার মধ্যদিয়ে চলতে থাকে। মেধা চর্চা, কাজের প্রতি নিষ্ঠা একজন তরুণ প্রজন্ম প্রতিষ্ঠা পায়। অনেক শুভ কামনা সামনে এগিয়ে যাওয়ার। আশা করছি সবার এই প্রদর্শনী ভালো লাগবে।’

তরুণ শিল্পী কাজী ফাইজা তাসনিম নেহার এক্রাইলিক মিডিয়ায় আঁকা কর্মজীবী বৃদ্ধের জীবন যুদ্ধের ছবি প্রদর্শীত হচ্ছে। তুলির সূক্ষ্ম রেখায় ফুটিয়ে তুলেছেন, একজন বৃদ্ধ কীভাবে বাঁশের তৈরি পণ্য তৈরি করছেন। বিবর্ণ জীবনেও বৃদ্ধের মুখের হাসিটা অমলিন। তুলির প্রতিটা স্ট্রোক অত্যন্ত নিপুণভাবে দিয়েছেন তিনি।
রাইজিংবিডির প্রতিনিধিকে তিনি বলেন, ‘একটা স্বপ্ন নিয়ে চিত্রকর্ম শিখছি। ইচ্ছে আছে অনেক দূর যাওয়ার। একজন শিল্পী হিসেবে আমি স্বচ্ছ স্তর এবং স্বনির্ভরতায় পেইন্টের পুরু স্ট্রোকের সঙ্গে কাজ করতে পছন্দ করি। তাই এক্রাইলিক আমার লালিত মাধ্যম কারণ এটি উভয় জগতের সেরাটি নিয়ে আসে, তবে অন্যান্য মাধ্যমের প্রতিও আমার ভালোবাসা রয়েছে। সেইসঙ্গে আমার কাজগুলো সম্পূর্ণভাবে কাঁচা আবেগ এবং উজ্জ্বল রঙের ওপর ভিত্তি করে আঁকা হয়ে থাকে।’

‘অ্যা থাউজ্যান্ড টেলস’ শিরোনামের সম্মিলিত চিত্রকর্ম চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত ধানমন্ডির সড়ক নং-৪, বাড়ি নং-২১/১-তে অবস্থিত শফিউদ্দিন শিল্পালয়ে দর্শনার্থীদের জন্য প্রদর্শনীর গ্যালারি উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে চিত্রশিল্পী রিপন কুমার দাসের একটি ছবিসহ ১৯ জন তরুণ চিত্রশিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি প্রদর্শীত হচ্ছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম