

সচিবালয় প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে মঙ্গলবার (২৬ জুলাই) সচিবালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিসকক্ষে আইওএম(আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল Ugochi Daniels এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
প্রতিমন্ত্রী মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকদেরকে যতো তাড়াতাড়ি তাদের নিজদেশে প্রত্যাবর্তন করানো যায় সবার জন্য যতই মঙ্গল ।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে প্রায় সম সংখ্যক নারী ও পুরুষের অংশগ্রহণের জন্য এ মন্ত্রণালয় জাতিসংঘ জনসেবা পদক ২০২১ পেয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ।
এ সময় প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব জনমত গঠনে এগিয়ে আসতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ।
আইওএম উপমহাপরিচালক বলেন,বাংলাদেশ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদেরকে আশ্রয় দিয়ে মানবিক বিপর্যয় থেকে এসকল নাগরিকদেরকে রক্ষা করেছে। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পসমূহের সোলার বৈদ্যুতিক ব্যবস্থা, আবর্জনা ব্যবস্থাপনা, এলপিজি গ্যাস বিতরণ, পানি বিতরণ ব্যবস্থাপনা,ট্রিটমেন্টকৃত বাঁশের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন এবং এক্ষেত্রে গৃহীত সরকারের কার্যক্রমের প্রশংসা করেন । এ সময় আইওএম(IOM) ড্রোন দ্বারা বাংলাদেশের বিভিন্ন এলাকার বন্যা আশ্রয়কেন্দ্রের লোকেশন চিহ্নিতকরণ ও এতদ সংক্রান্ত অন্যান্য কাজে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করে ।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন ।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম