বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

খোলাবাজারে ডলারের দাম ১১২ টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: দেশে আন্তঃব্যাংক বাজারের সঙ্গে খোলা মুদ্রাবাজারেও (কার্ব মার্কেটে) ডলারের দাম বেড়েই চলছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) এ বাজারে ডলার বিক্রি হচ্ছে ১১২ টাকায়, যা এ যাবৎকালে সর্বোচ্চ।

রাজধানীর মতিঝিল এলাকার কার্ব মার্কেটের ডলার বিক্রেতা রাজু বলেন, বাজারে ডলারের ব্যাপক চাহিদা। কিন্তু সবার কাছে ডলার বিক্রি করতে পারছি না। আজ বিক্রি করছি ১১২ টাকা থেকে ১১২.৫০ টাকায়। অন্যদিকে, খুব কম মানুষই বাজারে বিক্রির জন্য ডলার নিয়ে আসছে।

এদিকে, গতকাল সোমবারও খোলাবাজারে ডলারের দাম ছিল ১০৫-১০৬ টাকা। একদিনের ব্যবধানে ডলারের দর বেড়েছে প্রায় ছয় টাকা।

কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, খোলাবাজারে তীব্র সংকট রয়েছে ডলারের। ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।

এর আগে খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর ওঠে গত রবিবার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার ১ টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়। খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান কমছে। সোমবার আন্তব্যাংক মুদ্রাবাজারে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে ডলারের দর আরও ২৫ পয়সা বেড়েছে। প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সায় বিক্রি হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকগুলো এই দরে ডলার কিনেছে। গত এক বছরে আন্তব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বেড়েছে।

করোনা মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরজুড়ে আমদানি বেশ কমে গিয়েছিল। কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ে উল্লম্ফন দেখা যায়। সে কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যায়।

কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাড়তে থাকে আমদানি ব্যয়। রপ্তানি বাড়লেও কমতে থাকে রেমিট্যান্স। বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমতে থাকে। বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়; বাড়তে থাকে দাম।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102