

যুক্তরাজ্য অফিস: ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ব্রিটেনে মঙ্গলবার এই প্রথম তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে।
লণ্ডনের হিথ্রো বিমান বন্দরের কাছে তাপমাত্রা মঙ্গলবার দুপুরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর আগে ২০১৯ সালে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
লন্ডনের অন্তত ১০টি স্থানে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে আনতে লড়াই করে যাচ্ছে দমকল বাহিনী।
গত কয়েকদিনে ব্রিটেনে এই তাপপ্রবাহের সময় পানিতে ডুবে বা পানির কাছে দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে।
জরুরি সেবা সংস্থাগুলোর সাহায্য চেয়ে ৯৯৯ নম্বরে কলের সংখ্যাও অনেক বেড়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে, গরমের কারণে বয়স্ক মানুষদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। ব্রিটেন ও অন্য ইউরোপীয় দেশে তাপপ্রবাহে এরকম মৃত্যু বেড়ে যেতে পারে।

বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিচ্ছেন যে, জলবায়ুর পরিবর্তনের কারণেই এরকম তাপপ্রবাহ তৈরি হচ্ছে। তারা আরো জানায়, সামনের বছরগুলোতে এরকম তীব্র তাপপ্রবাহ আরো ঘন ঘন ঘটতে পারে।
ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের বিস্তীর্ণ অংশ জুড়েও এখন তীব্র তাপপ্রবাহ চলছে।

এই তাপপ্রবাহের কারণে ব্রিটেনে ট্রেন ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও লোকজনকে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না যেতে পরামর্শ দেয়া হচ্ছে। সূত্র : বিবিসি
ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি