বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ: স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তথ্য প্রবাহের অবাধ ও সুবর্ণ সময় বাংলাদেশ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২ জুলাই) জনস্বার্থে সাংবাদিকতা-সংবাদকর্মীর সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে বিজেসি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ সব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, দেশে গণমাধ্যমের কার্যপরিধি এখন অনেক বিস্তৃত। দৈনন্দিন জীবনের সঙ্গে গণমাধ্যম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডিজিটাল সুবিধা ও ইন্টারনেটের অবাধ প্রসারের কারণে সংবাদ জগতের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকা হচ্ছে। ব্রডকাস্ট তথা সম্প্রচারের মাধ্যমে বিশ্বের ঘটনাপ্রবাহ সকলে ঘরে বসে দেখতে পাচ্ছে। বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডও গঠিত হয়েছে, যা গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্পিকার বলেন, ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সুরক্ষা ও কর্মপরিবেশের উন্নয়নে কাজ করে তাদের সুন্দর অবস্থান নিশ্চিত করতে পেরেছে। জনস্বার্থে সাংবাদিকতা-সংবাদকর্মীর সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এ আয়োজন প্রশংসনীয়। এটি এমন একটি প্লাটফর্ম যা সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবিলা, কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি, গবেষণামূলক কাজে সাংবাদিকদের উৎসাহিত করাসহ নানামুখী কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে, পাঁচ ক্যাটাগরিতে বিজেসি অ্যাওয়ার্ড প্রদান গণমাধ্যমকর্মীদের জনস্বার্থমূলক কাজে অনুপ্রাণিত করবে।

এ সময় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি’র তৃতীয় সম্প্রচার সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্পিকার। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব নীতি, ওয়েজ বোর্ড গঠনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যমকর্মীদের কর্মক্ষেত্রে সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গণতন্ত্র চর্চা ও বিকাশের সঙ্গে সংবাদ পরিবেশন ও মিডিয়ার অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান। তাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

বিজেসির সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব শাকিল আহমেদসহ বিজেসির সম্মানিত সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102