

যুক্তরাজ্য অফিস: গাড়ি দুর্ঘটনায় যদি কারো মৃত্যু হয়, তাহলে গাড়ি চালকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। সড়ক দুর্ঘটনায় শাস্তির এই বিধান সম্বলিত নতুন একটি আইন চলতি সপ্তাহে কার্যকর হলো ব্রিটেনে।
নতুন এই আইনে মদ্যপান করে, ড্রাগ নিয়ে কিংবা অসতর্কভাবে গাড়ি চালিয়ে দূর্ঘটনা ঘটালে ড্রাইভাররা এখন যাবজ্জীবন জেলদন্ডের মুখোমুখি হবে। বর্তমানে প্রতিটি অপরাধের জন্য শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।
ব্রিটেনের জাস্টিস সেক্রেটারি ডমিনিক রাব বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে অনেক মানুষ জীবন হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এই আইনের ফলে ড্রাইভাররা আরও দায়িত্বশীলতার সাথে গাড়ি ড্রাইভিং করবে।
বিবিসি জানিয়েছে, ব্রিটেনের পুলিশ, অপরাধ, সাজা এবং আদালত আইনের অংশ হিসাবে নতুন এই আইন পরিবর্তন কার্যকর হচ্ছে। এই আইনে দূর্ঘটনায় কেউ দীর্ঘমেয়াদে বা স্থায়ী আঘাত প্রাপ্ত হলেও কঠোর শাস্তির মুখোমুখি হবে। প্রস্তাবিত আইনের এই পরিবর্তনটি প্রথম ২০১৭ সালে ঘোষণা করা হয়েছিল এবং আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে। এই আইন ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে নর্দার্ন আয়ারল্যান্ডে পৃথক সড়ক নিরাপত্তা আইন থাকায় সেখানে এটি কার্যকর হবে না।
আরএসি ফাউন্ডেশনের পরিচালক স্টিভ গুডিং বলেন, রাস্তায় সবচেয়ে বাজেভাবে গাড়ি চালানো ড্রাইভাররা আমাদের সকলের জন্যই বিপদ। এরা মানুষের জীবনের ঝুঁকিকে অবজ্ঞা করে, ফলে এরা কঠোর শাস্তির যোগ্য। নতুন আইন বেপরোয়া চালকদের নিয়মের মধ্যে আনতে সহায়তা করবে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা মানুষের জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বেপরোয়া চালকদের শাস্তির আওতায় আনতে চায়। যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউটর সার্ভিস শাস্তির বিষয়টি দেখভাল করবে৷
ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি