

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মুহাম্মদ আবদুল মুহিত। বিষয়টি শ্রীমঙ্গলের ‘টক অব দ্য টাউন’ এ পরিনত হয়েছে। এলাকা জুড়ে চলছে আনন্দ উল্লাস। উনার নিজ শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরাও এতে আনন্দিত ও উচ্ছ্বসিত।
সোমবার (২০ জুন) এক বার্তায় আবদুল মুহিতকে এ পদে নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে আবদুল মুহিত কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন।
শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র আবদুল মুহিত একই স্কুলের স্বনামধন্য শিক্ষক মরহুম আব্দুল গফুর এর দ্বিতীয় সন্তান। জৈষ্ট সন্তান আব্দুল মুকিত যুক্তরাষ্ট্রে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে মুহাম্মদ আবদুল মুহিত দুই কন্যা সন্তানের জনক।