

স্টাফ রিপোর্টার: দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি মানুষের পাশে নেই, শুধু বাগাড়ম্বরে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, বন্যার মধ্যেও বিএনপি নেতারা ঢাকার নয়াপল্টন, প্রেসক্লাব, দলীয় কার্যালয়ে বসে বসে শুধু বিবৃতি দেয়। অন্যদিকে আমাদের নেতাকর্মীরা বন্যা শুরুর সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুকন্যার নির্দেশে ঝাঁপিয়ে পড়েছে, মানুষের জন্য প্রাণ দিয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকরা বন্যা নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নেতারা করোনাকালেও মানুষের পাশে দাঁড়ায়নি। তখনো আমাদের দলের নেতাকর্মীরাই মানুষের পাশে দাঁড়িয়েছিল। সে কারণে মন্ত্রিসভার সদস্যসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ জন সদস্যের মধ্যে ৫ জন, উপদেষ্টামণ্ডলীর অনেকে এবং সংসদ সদস্যও মৃত্যুবরণ করেছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় না, তারা করোনাকালে শুধু ফটোসেশন করেছে।
যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান উল্লেখ করে হাছান বলেন, প্রধানমন্ত্রী আরও আট-দশ দিন আগে মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন যে এবার দেশে বন্যা হতে পারে। তিনি আবহাওয়া বিশেষজ্ঞ নন, তার পরও তার সাধারণ জ্ঞান থেকেই তিনি এটি বলেছিলেন। দেখা গেল যে একদিনে এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছিলেন, সেনাবাহিনীকে কাজে লাগিয়েছেন এবং আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকার পদ্মা সেতু উদ্বোধনের জন্য কোনো উৎসব করছে না, শুধু জনসভা এবং উদ্বোধন অনুষ্ঠান করবে। সমগ্র দেশের মানুষ এই পদ্মা সেতুকে আমাদের জাতির সক্ষমতার, সম্মানের, মর্যাদার প্রতীক মনে করে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম