বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে রাজনীতি করে বিএনপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ঠিক তখন বিএনপি মহাসচিবের হীন রাজনৈতিক আচরণ অত্যন্ত দুঃখজনক।

রবিবার (১৯ জুন) তিনি এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বিভিন্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন।

বিএনপি নেতারা মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আচরণ খুব অমানবিক, অতীতে কোনো দুর্যোগ মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রচেষ্টা ও উদ্যোগ জনগণ দেখেনি।

তিনি বলেন, বিএনপি শুধুমাত্র লিপ সার্ভিসের মাধ্যমে মানুষের দুঃখ – দুর্দশা নিয়ে রাজনীতি করে।

বৃহত্তর সিলেট অঞ্চলের সৃষ্ট বন্যার কারণে মানুষের জানমালের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজেবি, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন মানুষের কষ্ট লাঘবে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি তার বিবৃতিতে আরো বলেন, মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের জন্য ৬০০ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

যে কোনো প্রয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনী টোল ফ্রি নম্বর চালু করেছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বানভাসি মানুষের স্বাস্থ্য সেবায় ইমারজেন্সি কন্ট্রোল রুম চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে মনিটরিং টিম ও মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

তিনি বলেন, পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, পানিসহ প্রয়োজনীয় ঔষধ ও স্যালাইনের পাশাপাশি রান্না করা খাবারও বিতররণ করছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

বন্যার পানি সরে গেলেও এই তৎপরতা অব্যাহত থাকবে এবং আরো জোরদার করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

দুর্যোগপূর্ণ এই সময়ে দেশের সকল বিত্তবান মানুষদের দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি দুর্ভাগ্যজনকভাবে বন্যার্তদের নিয়ে অপরাজনীতি শুরু করেছে এবং দুর্গত মানুষকে নিয়ে পরিহাস করছে।

ওবায়দুল কাদের বলেন, সিলেটের বন্যা কোনো মানবসৃষ্ট দুর্যোগ নয়, এটি প্রাকৃতিক দুর্যোগ আর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে সফলতা অর্জন করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, সরকারের প্রতি কোনো রকম বিষোদগার বা দোষারোপ না করে এই দুর্যোগের সময় বিএনপির নেতাকর্মীরা দুর্গতদের পাশে দাঁড়াবে।

এই দুর্যোগকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ থেকে বিরত থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন মিথ্যাচার ও অপপ্রচার না করারও অনুরোধ জানান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102