

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে।
মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সকল বিভাগ থেকে আসা বিভাগীয় উপরিচালকরা, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদপ্তরের উপপরিচালকগণসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের উদ্দেশে নবনিযুক্ত মহাপরিচালক মাইন উদ্দিন বলেন, ‘একটি বিষয়ে আমি সকলকে পরিষ্কার করতে চাই, তা হলো, পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সকল কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে।‘ সকলকে অপারেশনাল কাজে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে তাকে মহাপরিচালক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী প্রধান এবং সংশ্লিষ্ট সকলের কাছে গভীর কৃতজ্ঞতা জানান মাইন উদ্দিন। একইসাথে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম